ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈশামুড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অনুপ কুমার দাস (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিহত দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী জেলা নরসিংদী জেলা সদরে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলযোগে সিলেটের শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন অনুপ ও আনোয়ারুল। আনোয়ারুল আজিমের বন্ধুর স্ত্রীর জানাযায় অংশ নিতে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় পৌঁছালে সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এসময় মোটরসাইকেলটি ধীরগতিতে চললে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার দাস মারা যান এবং আনোয়ারুল আজিম গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ রক্তাক্ত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তিনিও মৃত্যুর বরন করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। পরবর্তীতে নিহত পরিবারের কোন আপত্তি না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
The post ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত appeared first on দৈনিক আমার কাগজ.
