এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডচ্ছেদ করে খুন। মৃতের প্রেমিকার স্বামী-সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ডহারবার অতিরিক্ত সেশন জাজ ফাস্ট ট্র্যাক (তৃতীয়) আদালত। ৪ বছর আগে খুনের ঘটনাটি ঘটে। জানা যায়, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই স্ত্রীয়ের প্রেমিককে খুনের পরিকল্পনা করে ব্যক্তি। এই খুনের ঘটনায় আরও ২ জন জড়িত ছিল।
গত ২০২২ সালে ৯ ফেব্রুয়ারি মথুরাপুর থানার সুবুদ্ধিপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। জানা যায় তাঁর নাম হাবিবুল্লা পাইক। তাঁর দেহ সনাক্ত করেন তাঁর পরিবারের লোকজন। কাছের একটি পুকুর থেকে উদ্ধার হয় মৃত ব্যক্তির মুন্ডু। তদন্তে নেমে পুলিশ আজগর লস্কর, আজহার লস্কর ও রবিউল সরদারকে গ্রেপ্তার করে।
জানা যায়, আজগরের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল হাবিবুল্লা পাইকের। তার জেরেই এই খুন বলে তদন্তে উঠে আসে। পুলিশ তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা রুজু করে। তৎকালীন তদন্তকারী অফিসার প্রসেনজিৎ জানা ও বর্তমান তদন্তকারী আধিকারিক অভিষেক চক্রবর্তী এই মামলায় ২৪ জন সাক্ষীর বয়ান ও অন্যান্য তথ্যপ্রমাণ আদালতে হাজির করেন। এই মামলায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, সমস্ত সাক্ষীর বয়ান ও যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন ৩০২ ধারায় তিনজনেরই যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় আরও দু’বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
