Published : 12 Oct 2026, 04:07 PM
Updated : 12 Oct 2026, 04:24 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের ধাওয়া দেওয়ার সময় নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও একটি শটগান নিখোঁজের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ষাটনলের সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞায় গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।
এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়। বাকি চারজনকে অন্যান্য ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সচেতনতামূলক বার্তা নিয়ে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
সাগর থেকে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসা মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে।
এ সময়ে চাঁদপুরের পদ্মা ও মেঘনা উপকূলীয় জেলেদের সচেতন করা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ক্লিন চাঁদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, দোকানঘর, বহরিয়া এলাকায় জেলেদেরকে মা ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা করা হয়।
এ সময় অসাধু উপায়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অনুরোধ জানান সংগঠনের সদস্যরা। সেইসঙ্গে সংগঠনটির পক্ষ থকে দুই শতাধিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
‘ক্লিন চাঁদপুর’ এর সভাপতি নুরুল আমিন খান আকাশ বলেন, উপকূলীয় এলাকার জেলেদের সরকারের দেওয়া নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ না ধরার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, ২২ দিনের জন্য সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। তারপরও জেলেদের পাশে ক্ষুদ্র উপহার নিয়ে এসেছেন তারা। তাদের যেন কিছুটা হলেও সহায়ক হয়।
