আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। এ ছাড়া ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি।
রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
সভায় সিদ্ধান্ত হয়, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সভায় আরও জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের তালিকা আগামী সপ্তাহে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।
