রংপুর রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। একই সঙ্গে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার সম্মাননা পেয়েছেন নীলফামারীর মো. ফরহাদ হোসেন খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
জেলা পুলিশ জানায়, সেপ্টেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে পারফরম্যান্সের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে শ্রেষ্ঠ স্বীকৃতি দেওয়া হয়। অপরাধ নিয়ন্ত্রণ, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার হিসেবে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের কাছ থেকে নীলফামারী জেলা পুলিশের পক্ষে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
এ অর্জনকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ সম্মাননা জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আশা করছেন।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
