মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) ত্রিনাথ সাহা।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খাঁন(৩৫) ও ইকরাম মৃধা(২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গি এলাকার শেখ আয়নাল(৫৭), তালেব খাঁর ডাঙ্গি এলাকার মিজান শেখ(২৭) এবং আমিন ফকিরের ডাঙ্গি এলাকার সোবহান শেখ(৩০), গোয়ালন্দ উপজেলার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার(২১) ও আব্দুর রহিম শেখ(১৯)।
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা। এ সময় উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানে ৭ জনকে আটকসহ ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
