মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়া এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (২১ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এদিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ১৮ ডলারে।
বাজার গবেষণা সংস্থা ডিবিএসের জ্বালানি গবেষণা প্রধান সুভ্র সরকার জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমার তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে।
তিনি বলেন, কাতার কিংবা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পাশাপাশি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমার বিষয়টি উঠে এসেছে। এসব কারণে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
এদিকে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরান জানিয়েছে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও নিরাপত্তাঝুঁকি বেড়েছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সংস্থাটির মতে, কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীর বাইরেও ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহন ও সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরামকোর ইয়ানবু কেন্দ্র, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে।
পাশাপাশি ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুতিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট এবং ডিজেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় আন্তর্জাতিক তেল পরিশোধনাগারগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ।
মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
