কুমিল্লায় ১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, ফেনী থেকে গ্রেপ্তার
কুমিল্লার নাঙ্গলকোটে দুটি মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হুমায়ূন কবিরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ২০ বছর ধরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা এই আসামিকে ফেনীর পরশুরাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুমায়ূন কবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নাঙ্গলকোট থানার এএসআই শাহাদাত হোসেন জানান, হুমায়ূন কবিরের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় দায়ের করা দুটি মামলায় ১৪ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৫ অক্টোবর) তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
The post কুমিল্লায় ১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, ফেনী থেকে গ্রেপ্তার appeared first on Rising Cumilla.
