প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি সচল রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত পাংশা থানার হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল আরাফাতের বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে বসতঘর তল্লাশি করে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয় বলে অধিদপ্তর জানিয়েছে। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মিডিযা ইন পাকিস্থান’ লেখা রয়েছে। এ ছাড়া আট রাউন্ড রিভলবারের গুলি ও ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা গুলির মধ্যে পাচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতুর তৈরি এবং তিনটি পিতলের তৈরি বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করেছেন। মামলাটি অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় করা হয়েছে বলে জানানো হয়েছে।
আটক আরাফাত হোসেন পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। মামলার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
