নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) এবং তাঁদের আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আকলিমা আক্তার মেয়েকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। একপর্যায়ে তাঁরা ঘোড়াশাল রেললাইন ধরে হাঁটতে থাকেন।
এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আকলিমা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত রাফা মনিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
