শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি রংপুরের ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এবারই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে সরাসরি গিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করছেন। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তিনটি বিভাগের তিনটি জেলায় গিয়ে পূজারীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।
রংপুর সফর শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন এবং দুপুর দেড়টায় স্থানীয় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরবর্তীতে রাজশাহী সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
রাজশাহীর সফর শেষ করে বিমানে চট্টগ্রাম পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থানের পর মঙ্গলবার রাতেই বিমানে করে ঢাকায় ফিরে আসবেন তিনি।
