মেরিলিন মনরো। ডাকসাইটে সুন্দরী ও কিংবদন্তি অভিনেত্রী। অন্যদিকে খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। আচমকাই তিনি শেয়ার করলেন ছয়ের দশকে প্রয়াত মনরোর ছবি! যা নিয়ে শোরগোল নেটপাড়ায়। বিশেষ করে পাক আমজনতা তীব্র ক্ষোভ উগরে দিয়েছে মন্ত্রীমশাইয়ের কাণ্ড দেখে।
ঘটনা গত মঙ্গলবারের। এআই দিয়ে তৈরি মনরোর একটি ছবি এক্স হ্যান্ডলে ঘুরতে শুরু করেছিল। সেখানে জানতে চাওয়া হয়েছিল ছবিটিতে বেমানান স্রেফ একটিই বিষয়! খাজা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ঘড়ি’। নিঃসন্দেহে, তিনি ঠিকই লিখেছেন। কেননা মনরোর মণিবন্ধে জ্বলজ্বল করছে স্মার্টওয়াচ! সেযুগে এই বস্তুটি কেবল কল্পবিজ্ঞান কাহিনিতেই হয়তো শোভা পেতে পারত।
Pakistan is drowning in economic, political, and security crises, with KP on the brink of imploding from within. In the meantime, it’s Defence Minister, Khawaja Asif is busy boosting his newly created fake “American woman” burner account. We have grown-up problems being handled by guys acting like bored teenagers on X. You literally can’t make this up. @KhawajaMAsif
— (@Kali_Vardag) October 13, 2026
কিন্তু খাজা সঠিক উত্তর দিয়েও মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। রাত ১১টা ৪ মিনিটে করা ওই পোস্ট ঘিরে এক নেটিজেনের কটাক্ষ, ‘আজ রাত শুরু হতে না হতেই মদ খেয়ে ফেলেছেন বুঝি? আপনি বিশ্বের সামনে পাকিস্তানকে অস্বস্তিতে ফেলছেন! একটুও লজ্জা নেই আপনার?’ আরেকজন লিখেছেন ‘যদি কখনও মনে হয় আপনি আপনার চাকরির যোগ্য নন, কেবল মনে রাখবেন প্রতিরক্ষামন্ত্রী সোশাল মিডিয়ায় মেরিলিন মনরোর এআই ছবি নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করেন!’ অন্য এক নেটিজেনের ‘চিমটি’, ‘আপনি যে মন্ত্রকের সদস্য, তাকে এভাবে নিচে নামাবেন না।’ এমন সব মন্তব্যে খাজার নেশা ছুটে গিয়েছিল তা অবশ্য জানা যায়নি।
তবে ওয়াকিবহাল মহলের মতে, খাজার অবশ্য বিতর্কে জড়ানো অভ্যাস আছে। গত মাসেই তিনি তালিবানের শাসনাধীন আফগানিস্তানে মহিলাদের অবস্থা নিয়ে প্রশ্নের উত্তরেও কুৎসিত অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন। যে নারী সাংবাদিক প্রশ্নটি করছিলেন তাঁকে উদ্দেশ করে খাজা বোঝান, তিনি যেন এত স্বল্পবাসে আফগানিস্তানে না যান। গেলে তাঁকে হত্যা করা হবে। পাক প্রতিরক্ষামন্ত্রীকে এহেন আচরণ করতে দেখে তুমুল সমালোচনা করেছিল হতভম্ব বহু নেটিজেন।
