চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ৪৬০ জন সহকারী শিক্ষক কে কোন বিদ্যালয়ে যোগ দেবেন, তা ঠিক হয়েছে লটারিতে।
শুক্রবার চট্টগ্রাম পিটিআই অডিটোরিয়ামে লটারির মাধ্যমে তাদের কর্মস্থল নির্ধারণ করে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। জেলার ১৫টি উপজেলা ও ছয়টি শিক্ষা থানার বিদ্যালয়ে তাঁদের পদায়ন করা হয়েছে।
পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষকদের পছন্দের বিদ্যালয়ে পদায়নের প্রত্যাশা থাকে। তবে পদায়ন নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ ওঠে। এসব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করা হচ্ছে।
শিক্ষকেরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। লটারির মাধ্যমে পদায়ন সে উদ্যোগের অংশ।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় সহকারী শিক্ষক পদে মোট ৫৫১ জন নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে ৪৬০ জনকে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট উপজেলা ও শিক্ষা থানায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেনসহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post লটারিতে ঠিক হলো চট্টগ্রামের ৪৬০ শিক্ষকের কর্মস্থল appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
