Published on
:
1 min read
বিতর্কের মাঝে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত পঠনপাঠন ও অ্যাকাডেমিক কার্যকলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআই। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পড়ুয়াদের হস্টেল-সহ পুরো ক্যাম্পাস খালি করে দেওয়ার কড়া নির্দেশ দিলেন কর্তৃপক্ষ।
ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে হস্টেলের মেস পরিষেবাও। তবে, ফিল্ম এবং ইডিএম উইংয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও আইটেক কর্মসূচির কাজ পূর্বনির্ধারিত সূচি মেনেই চলবে বলে জানানো হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ডিন, বিভাগীয় প্রধান, হস্টেল ওয়ার্ডেন থেকে শুরু করে নিরাপত্তা আধিকারিকদের উপরে। কেউ নির্দেশ অমান্য করলে তা নথিভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আসন্ন উৎসবের মরশুম এবং জরুরি প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করতেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজকর্মে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলে বা আইনসম্মত কোনও নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে কড়া আইনি বা শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে।
তবে কর্তৃপক্ষের এই ‘প্রশাসনিক কারণ’-এর যুক্তি মানতে নারাজ আন্দোলনরত পড়ুয়ারা। উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে এসআরএফটিআই ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরে পড়ুয়াদের লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙতে এবং ন্যায়সঙ্গত দাবিগুলিকে নস্যাৎ করতেই এই ফতোয়া জারি করা হয়েছে। এক আন্দোলনকারী পড়ুয়ার কথায়, ‘শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পুজোর ছুটি। বুধবার থেকে ফের স্বাভাবিক নিয়মে ক্যাম্পাস খোলার কথা ছিল। কিন্তু তার আগেই আচমকা এই নির্দেশিকা চাপিয়ে দেওয়া হলো। এটা সম্পূর্ণ ভাবে আন্দোলন দমনের একটি পরিকল্পিত কৌশল।’
