নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মো. নাহিদ (২০)। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিহাবের মোড়ে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল চারটার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সর্বশেষ গত ১৯ অক্টোবর ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারের পর নাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
