দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ দেখে উচ্ছ্বসিত অভিনেতা ধনুশ। সিনেমাটিকে ব্লকবাস্টার আখ্যা দিয়ে ভক্তদের অবশ্যই ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’। মুক্তির দিনই চেন্নাইয়ের রোহিণী থিয়েটারে সিনেমাটি দেখতে যান ধনুশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘জেলার ২ অবশ্যই অবশ্যই অবশ্যই দেখার মতো সিনেমা। ব্লকবাস্টার! থালাইভার ভক্তদের জন্য দারুণ উপহার।’
ধনুশের পাশাপাশি সিনেমাটির প্রশংসা করেছেন অভিনেতা বিষ্ণু বিশালও। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে তামিল সিনেমা দেখতে গিয়ে এত বেশি শিস দেননি তিনি। সিনেমার অ্যাকশন দৃশ্য ও কৌতুকের প্রশংসা করে রজনীকান্তকে ঘিরে দর্শকদের উন্মাদনার কথাও তুলে ধরেন এই অভিনেতা।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল ‘জেলার ২’। এতে আবারও অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। পরিবারের ওপর হুমকি নেমে আসায় বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েন তিনি।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এসজে সূর্য, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী ও সূরজ ভেঞ্জারামুডুসহ অনেকে। পাশাপাশি মোহনলাল ও শিব রাজকুমারও ফিরেছেন তাঁদের পরিচিত চরিত্রে। বিশেষ উপস্থিতিতে রয়েছেন হৃতিক রোশন।
সান পিকচার্স প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
উল্লেখ্য, রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ধনুশের বিয়ে হয়েছিল। ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন এবং ২০২৪ সালে আলাদা হয়ে যান। তাই রজনীকান্তের সিনেমা নিয়ে ধনুশের এই প্রশংসা বিনোদন অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
