লংমার্চের প্রস্তুতি নির্ধারিত সময়ে সম্পন্নের তাগিদ গোলাম পরওয়ারের
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
সভায় ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ.কে.এম. ফখরুদ্দীন রাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ ও মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসাইন, বাইতুলমাল ও প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ এবং ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব সভায় অংশ নেন। সভায় ৩১ অক্টোবরের লংমার্চ সামনে রেখে ঢাকা-মুন্সীগঞ্জের মাওয়া মহাসড়কে অভ্যর্থনা, প্রচার-প্রচারণা ও কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ১১ দলের সঙ্গে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
