সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ২৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকেন, তাহলে সে বিষয়ে প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের যত ঘনিষ্ঠ ব্যক্তিই হোন না কেন, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নন।
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রচলিত আইনে এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। অতীতে যেভাবে তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন, এবারও প্রচলিত নিয়ম অনুসরণ করে সেভাবেই অংশ নিতে পারবেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যথাসময়ে দেশের মানুষ এর সুফল দেখতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালনা পর্ষদের সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, তীব্র জনবল সংকট নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
The post বিরোধী দলের কাজই সরকারের সবকিছুর বিরোধিতা করা: আইনমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
