অনলাইন ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন।
পুলিশ জানায়, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।
