দেশের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় নতুন এক উন্মাদনা নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ‘ডোমেস্টিক থ্রি’ (ডি থ্রি) টি-টোয়েন্টি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বরিশালের ঐতিহাসিক কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি আসর।
বরিশালের এই মাঠেই আগামী ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ দুটি প্রতিদিনের মতো দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, এবারের টুর্নামেন্টের সিংহভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে বরিশালে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১২টি হবে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে। আর বাকি ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বরিশালের ভেন্যুতে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে একমি ও ফরচুন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। বেলা ১১টায় মিরপুরে মুখোমুখি হবে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট। আর অন্যটি হবে বরিশালে দুপুর ২টা ৪৫ মিনিটে। মুখোমুখি হবে একমি ও সিটিজেনস ব্যাংক।

টুর্নামেন্টের প্রথম পর্বে লিগ পদ্ধতিতে দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। এই রাউন্ডের মোট ১৫টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল কোয়ালিফাই করবে প্লে-অফ পর্বে।
প্লে-অফের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে বরিশালে। আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় এলিমিনেটর এবং বিকেল ৩টা ৩০ মিনিটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ মাঠে গড়াবে। পরদিন ২৮ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ৩১ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল।
এদিকে, টুর্নামেন্টের উত্তাপ বাড়িয়ে ইতোমধ্যে লটারির মাধ্যমে নিজেদের পছন্দের আইকন ক্রিকেটার বেছে নিয়েছে অংশগ্রহণকারী ছয়টি দল। আর ২৬ অক্টোবর নিলামের মাধ্যমে ২৩ জনের মূল স্কোয়াড চূড়ান্ত করবে দলগুলো। তবে এই নিলামে কোনো আর্থিক লেনদেন বা টাকা থাকছে না। সম্পূর্ণ ভিন্নধর্মী এই নিলাম অনুষ্ঠিত হবে পয়েন্টের ভিত্তিতে, যেখানে প্রতিটি ক্রিকেটারের নামের পাশে নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট বরাদ্দ থাকবে।
