ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন এর আগে বেশ কয়েকবার দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু পারেনি। তাদের সেই সক্ষমতা নেই। তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) অনলাইনে যে ধরনের প্রচারণা চালাচ্ছে তাতে জনগণ কান দিচ্ছে না। সুতরাং দেশে ডিসেম্বরকেন্দ্রিক কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ভূমিকা, বিতর্কিত ও পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইজিপি এসব কথা বলেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নানা স্পর্শকাতর বিষয়ে।
দেশের রাজনৈতিক অস্থিরতা বা সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনগুলোতে পুলিশ কীভাবে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে- জানতে চাইলে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইনানুগ, নিরপেক্ষ, পেশাদার এবং জনস্বার্থকেন্দ্রিক ভূমিকা পালন করবে। লক্ষ্য অর্জনে অপরাধপ্রবণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক অপতথ্য ও সাইবারভিত্তিক অপরাধের বিষয়ে আইনানুগ পদক্ষেপ এবং কমিউনিটি ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতা, ভয়ভীতি, অবৈধ দখল কিংবা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ না হয়, সে জন্য আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তথ্য পাচারকারী পুলিশ সদস্যদের উদ্দেশে কী বার্তা- জানতে চাইলে আইজিপি বলেন, যেসব পুলিশ সদস্য চাকরিতে থেকে ভেতরের তথ্য বাইরে পাচার করছে, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতে যেসব পুলিশ সদস্য দলীয় লেজুড়বৃত্তি করেছেন তারা এখন পলাতক। পলাতক পুলিশ সদস্যদের সঙ্গে কর্মরত যাদের যোগাযোগ আছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ষড়যন্ত্রকারী পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, পুলিশে ষড়যন্ত্রকারীর সংখ্যা হাতেগোনা। কোনো ষড়যন্ত্রকারীই আইনের বাইরে থাকবে না। গুজব ছড়ানো হচ্ছে-ফ্যাসিবাদ আমলের ১৭ বছরে যাদের নিয়োগ হয়েছে, তাদের চাকরি থাকবে না। এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদেরও চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।