সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বিদ্যমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা। আগামী বছর ১ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
গতকাল জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— ১. সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, ২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ও নীতিগত জটিলতা দ্রুত নিরসন করা, ৩. সহকারী শিক্ষক পদ থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত বছর ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকদের এসব দাবি বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছিল। প্রায় এক বছর পেরিয়ে গেলেও তা কার্যকরের পদক্ষেপ নেওয়া হয়নি।
সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া জরুরি। আমরা আশা করছি, সরকার আগামী ১ জানুয়ারির মধ্যে এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
