ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান জনাব সাদিয়া রায়হান আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান। পরবর্তীতে উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মত সম্মতিক্রমে ব্যাংকের অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ কোটি টাকায় উন্নীত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত ছিল। অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে তা ১০ টাকা মূল্যমানের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে রূপান্তর হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সভায় ব্যাংকের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় সংশোধনীসমূহ শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়।
বিশেষ সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন। সভাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় শেয়ারহোল্ডারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।
