বিদ্যুৎ ও পানির বিলের বাড়তি চাপ কমাতে সৌদি নাগরিকদের জন্য নতুন কিছু সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি বেসামরিক ও সামরিক কর্মীদের মাসিক ভাতা ৫০০ সৌদি রিয়াল বাড়ানো হবে। সরকারি বেতন কাঠামোর আওতাভুক্ত কর্মীদের পাশাপাশি নির্দিষ্ট চুক্তিতে কর্মরত ব্যক্তিরাও এই সুবিধা পাবেন।
এ ছাড়া অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা মৃত বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের যোগ্য পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী প্রতি মাসে ৫০০ রিয়াল করে সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, সৌদি আরবে বিদ্যুৎ ও পানির বিলের নতুন শুল্ক ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বিলের পরিবর্তনের কারণে নাগরিকদের ওপর যে বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে, তা কমাতেই এই সহায়তা দেওয়া হচ্ছে।
বেসরকারি খাতে বাড়ছে সৌদি নাগরিকদের ন্যূনতম বেতন
সৌদি আরবের বেসরকারি খাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। 'নিতাকাত' বা সৌদাইজেশন কর্মসূচির আওতায় একজন সৌদি কর্মীকে পূর্ণ কর্মী হিসেবে গণনার জন্য ন্যূনতম মাসিক বেতন ৫ হাজার রিয়াল নির্ধারণ করা হবে।
এই সিদ্ধান্ত ঘোষণার ছয় মাস পর থেকে কার্যকর হবে। এরপর প্রথমবার বেতনসীমা বাড়ানোর ১২ মাস পর ন্যূনতম বেতন আরও বাড়িয়ে ৬ হাজার রিয়াল করা হবে।
সৌদি সরকারের লক্ষ্য হলো নাগরিকদের বেতন বৃদ্ধি, বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ানো এবং দীর্ঘমেয়াদে তাদের চাকরির সুযোগ নিশ্চিত করা।
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
এই ঘোষণায় ৫০০ রিয়াল মাসিক সহায়তা ও ন্যূনতম বেতন বৃদ্ধির সুবিধা মূলত সৌদি নাগরিকদের জন্য। বাংলাদেশি প্রবাসী কর্মীরা সরাসরি এই ৫০০ রিয়াল সহায়তার আওতায় পড়বেন এমন কোনো তথ্য ঘোষণায় নেই।
কেএম
