কালবেলা · general
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
১৪/১০/২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় দুজন, নিয়মিত মাদক সেবনের অভিযোগে ১৬ জন এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক দুজন আসামি রয়েছেন।
অভিযানের সময় সোনারগাঁ থানার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ হাতেনাতে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের আটক করা হয়। মাদক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন জোয়ারদী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে মো. রায়হান (২২) এবং বেলপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. হৃদয় (২২)।
এছাড়া পুলিশের নিয়মিত মাদকবিরোধী চেকিং ও অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৬ জন মাদকসেবীকে আটক করা হয়। এদের মধ্যে যেমন স্থানীয় সোনারগাঁয়ের বিভিন্ন গ্রামের বাসিন্দারা রয়েছেন, তেমনি দেশের বিভিন্ন জেলা যেমন সিলেট, কুমিল্লা, গাইবান্ধা, নেত্রকোণা ও বরিশাল থেকে এসে সোনারগাঁয়ে অবস্থানকারী বহিরাগত ব্যক্তিরাও মাদক সেবনের সময় আটক হয়েছেন।
অন্যদিকে, আইন অমান্য করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই অভিযানে গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত দুই আসামির মধ্যে রয়েছেন সোনারগাঁয়ের রহমতপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোহসিন মিয়া এবং দরপত ঠোটালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. হাবিবুর রহমান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত সব আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗