মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেলফি পরিবহনের চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২২) ও বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত ইজিবাইক চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় একঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনতার সঙ্গে স্থানীয় প্রশাসনের কথা হয়। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সঙ্গে মুঠোফোনে কথা বলার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেলফি পরিবহনের চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সেলফি পরিবহনের বেপরোয়া চলাচলের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরিবহনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এর আগেও একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা। তবে তাদের দাবি, এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
/অ
