নতুন করে প্রকাশ হয়েছে কালজয়ী দুই গান। একটি কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’, অন্যটি সোলস ব্যান্ডের ‘নিঃসঙ্গতা’। বলা যায়, গান দুটি বিশ্বজিৎ ও সোলসের ‘সিগনেচার’ গান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমার বিশ্বজিতের গানটি প্রকাশ হয়েছে গায়কের ইউটিউব চ্যানেলে। অবশ্য নতুন এই সংস্করণ প্রকাশের কথা আগেই জানিয়েছিলেন এই তারকা। পিয়ানো ভার্সনে গানটির নতুন সংগীতায়োজন করেছেন কিশোর দাস। আর কালজয়ী এই গানটির লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছেন কিংবদন্তি লাকী আখন্দ।
বিশ্বজিৎ জানান, পিয়ানো ভার্সনেও শ্রোতারা গানটি পছন্দ করছেন।
অন্যদিকে সোলস ব্যান্ড তাদের বিখ্যাত কিছু গান আনপ্লাগড ভার্সনে প্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় এসেছে ‘নিঃসঙ্গতা’ গানটি। দুর্গাপূজা উপলক্ষে গেল মঙ্গলবার গানটির নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
এদিকে, চলতি বছর ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল ব্যান্ডটির বিশেষ কনসার্ট ‘সোলস আনপ্লাগড ঃ ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’। মূলত সেখানে ধারণ করা গানটিই প্রকাশ করেছেন পার্থ বড়ুয়া ও তার সতীর্থরা।
‘নিঃসঙ্গতা’ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন পার্থ বড়ুয়া। ১৯৯৪ সালে বিটিভির অনুষ্ঠানের জন্য মাত্র এক দিনের নোটিশে গানটি তৈরি করেছিলেন তারা। প্রচারের পরই গানটি শ্রোতামহলে বেশ আলোচিত হয়।
