‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, ফায়ার সার্ভিসের প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের ভূমিকা তুলে ধরে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান। তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। ঘর থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু হলে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহিদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটির কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
The post ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
