কালবেলা · সাধারণ
বাসা ছাড়ার আগে কাকদের জন্য চিঠি, প্রশংসায় দীপান্বিতা
১৮/১০/২০২৬

নিজের ব্যবহৃত বাসা ছেড়ে যাওয়ার আগে নতুন বাসিন্দাদের উদ্দেশে একটি অনুরোধ রেখে গিয়েছিলেন দীপান্বিতা কিংশুক ঋতি। অনুরোধটি ছিল, মাঝেমধ্যে যেন বাসার সানশেডে কাকদের জন্য কিছু খাবার রাখা হয়। তিন বছর আগে লেখা সেই চিঠি নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) চিন্ময় বড়ুয়া নামের এক ফেসবুক ব্যবহারকারী চিঠিটির ছবি নিজের আইডিতে আপলোড করেন। এরপর সেটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
চিঠির তারিখ ১ এপ্রিল ২০২৩। এতে লেখা আছে, ‘এই বাসায় নতুন যারা আসবেন; আমি এ বাড়িতে ১০ বছর থেকে আজ বিদায় নিচ্ছি। এই ১০ বছরের বেশির ভাগ দিন বারান্দা থেকে সানশেডের ওপরে খাবার ছিটিয়ে আমি কাকদের খেতে দিয়েছি। আমি ওদের ভালোবাসি। আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মাঝেমধ্যে সানশেডে ওদের কিছু খাবার দেবেন। পরম প্রেমময় ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন।’
চিঠিতে স্বাক্ষর রয়েছে দীপান্বিতা কিংশুক ঋতির। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে আজিমপুরের পি অ্যান্ড টি অফিসার্স কোয়ার্টার্স।
চিঠিটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই প্রাণীদের প্রতি এমন মমত্ববোধের প্রশংসা করেন। ‘সেঁজুতি সাঁঝের বাতি’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘একটা আইডিয়া পেলাম। আর কয়েক মাস পর আমারও হয়তো বাসা পাল্টাতে হবে। চিন্তিত ছিলাম আমার চড়ুই, শালিক, কাক আর অজানা পাখিদের জন্য। আমি পারলে নতুন ভাড়াটেদের মুখেই বলে যাব, অন্তত ওদের জন্য প্রতিদিন কিছু খাবার যেন ছড়িয়ে দেয়।’
‘ফাতেমা মুস্তারি’ নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আমিও এমন চিরকুট রেখে যাব, যখন এই বাসা ছেড়ে চলে যাব। আমার ছাদের অতিথি পাখিদের যেন খাবার দিয়ে রাখে।’
সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, মানুষের পাশাপাশি নগরজীবনের পাখিদের প্রতিও দায়িত্ববোধের এমন প্রকাশ বিরল। একটি ছোট্ট চিঠি প্রাণীদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
মূল প্রতিবেদনে যান ↗