বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “১৭ বছর ফ্যাসিস্ট সরকার তো ক্ষতি করছেই, এই দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে আমাদের, এই ক্ষতির বর্ণনা আপনাদের দেওয়া যাবে না।”
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয়, অস্থিরতা বজায় থাকে, সে জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে। দেশে একটি গোষ্ঠী অপতথ্য ছড়ায়। তাদের আমরা ‘বট বাহিনী’ বলি। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত আরো বলেন, ফেসবুকে ৭০ ভাগ মিথ্যা খবর আসে। এগুলো অপতথ্য ও ভিত্তিহীন। এসব ভিত্তিহীন খবর থেকে সরে আসতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। যারা দেশকে ভালোবাসেন এবং দেশের উন্নতি চান, তাদের উৎসাহিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তাঁর দলের নেতাকর্মীরা যেসব কাজ করছেন, সেগুলো নিয়ে সাংবাদিকদের লিখতে হবে।
মন্ত্রী বলেন, তাঁদের দলের অনেকেই খারাপ কাজ করেন, তা অস্বীকার করার কিছু নেই। তবে যারা খারাপ কাজ করবেন, তাঁদের দল থেকে বহিষ্কারের জন্য তাঁরা সব সময় প্রস্তুত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা ও সাধারণ সম্পাদক শাকিল তালুকদার।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
