বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচার প্রার্থীদের চার লাখ ৮৬ হাজার ৮১২ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তিন হাজার ৪৯৯টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চার লাখ ৭৮ হাজার ৬০৫টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে চার হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
