পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারের বয়স ২৩ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা চাওয়া নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হতো। বুধবার সকালে নেশার টাকা না দিলে মাকে হত্যা করার হুমকি দেন তিনি। এরপরও মা টাকা দিতে রাজি না হওয়ায় কাঁচি দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ
