খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার সড়কে কাল বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এই কর্মসূচির ডাক দিয়েছে।
আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে সই করেছেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বিবৃতিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে, জানমাল রক্ষায় এবং সন্ত্রাস ও হয়রানি বন্ধে জেএসএসের সশস্ত্র সদস্যদের ওই এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমরা অবরোধ স্থগিত রেখেছিলাম। আজ পূজা শেষ হচ্ছে। তাই কাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আমাদের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি আবার শুরু হবে। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।’
অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেএসএসের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এসব অভিযোগ ভিত্তিহীন।
এর আগে গত ১১ অক্টোবর থেকে সাজেকের সড়কে অবরোধ শুরু করেছিল সংগঠন দুটি। পরে তারা প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরে। আশ্বাসের পরিপ্রেক্ষিতে সে সময় দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
পরে তারা ১৫ অক্টোবর আবারও অবরোধ শুরু করে। এরপর দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। এখন বৃহস্পতিবার থেকে আবারও এই কর্মসূচি ডাকা হলো।
