ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে বাঁচা-মরার ম্যাচ বাংলাদেশের জন্য। হারলেই নিতে হবে বিদায়। এমন ম্যাচে একাদশে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা।
আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
লিটন দাস না থাকায় প্রথম ম্যাচে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন নুরুল হাসান সোহান। তবে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেননি তিনি। যেকারণে বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
এছাড়াও বাদ পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দলের বিপদে তিনিও প্রথম ম্যাচে দায়িত্ব নিতে পারেননি। তার পরিবর্তনে একাদশে এসেছেন মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে প্রথম ম্যাচে ছিলেন না তিনি।
অন্যদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে অভিষেক হলো মিস্ট্রি-স্পিনার আলিস আল ইসলামের। শারজাহর স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে একাদশে নেওয়া হয়েছে তাকে। আলিসকে জায়গা করে দিতে বাদ পড়েছেন রিশাদ হোসেন।
প্রথম ম্যাচের মতোই এ ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গী শরিফুল ইসলাম আর মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
