বিনোদনজগতে অভিনয়ের প্রয়োজনে পোশাক ও উপস্থাপনা নিয়ে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয় অভিনেত্রীদের। তবে নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত পছন্দের সঙ্গে আপস করতে চান না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করতে চান, তা নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, বিকিনি পরা কিংবা পর্দায় প্রয়োজনের অতিরিক্ত শরীর প্রদর্শনে তিনি স্বচ্ছন্দ নন। তাঁর মতে, প্রত্যেক মানুষের নিজস্ব পছন্দ-অপছন্দ এবং ব্যক্তিগত সীমারেখা থাকা জরুরি। অভিনয়ের ক্ষেত্রেও সেই সীমারেখাকে গুরুত্ব দিতে চান তিনি।
রাশমিকা আরও জানান, এমন পরিচালক ও নির্মাতাদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন, যাঁরা তাঁর ব্যক্তিগত পছন্দকে সম্মান করেন। অর্থাৎ, চরিত্রের প্রয়োজনে অভিনয় করতে আপত্তি না থাকলেও নিজের অস্বস্তির জায়গাগুলো উপেক্ষা করতে চান না এই অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর নবম সিজনে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা মান্দানা। সেখানে সঞ্চালক করণ জোহর পর্দায় অভিনেত্রীদের উপস্থাপন এবং এ বিষয়ে তাঁদের ব্যক্তিগত সীমারেখা নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গেই রশ্মিকার অবস্থান নতুন করে আলোচনায় আসে।
উল্লেখ্য, রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে অভিনয় ও পর্দায় নিজের উপস্থাপনা নিয়ে রশ্মিকার এই বক্তব্যের মূল বার্তা স্পষ্ট, পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজের স্বাচ্ছন্দ্য ও সিদ্ধান্তকেও সমান গুরুত্ব দিতে চান তিনি।
