আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান। তরুণ দুই ফুটবলারের পাশাপাশি দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ।
গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান। তার পানেনকা শটে নেওয়া পেনাল্টিই এনে দিয়েছিল জয়। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় জাতীয় দলের সিনিয়র পর্যায়ে সুযোগ পেলেন এই ফুটবলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন তিনি।
আরও পড়ুন
প্রথমবার জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডাক পাওয়া আরেক তরুণ মাহি খানের বয়স মাত্র ১৮ বছর। ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল লিগ ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে মৌলটন এফসির হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমে ৭ ম্যাচে ৯ গোল করে কোচ টমাস ডুলির নজর কেড়েছেন এই ফরোয়ার্ড। তার গোল করার ধারই জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
প্রাথমিক দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতি উল্লেখযোগ্য। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী রয়েছেন দলে। এ ছাড়া সামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদও ধরে রেখেছেন নিজেদের জায়গা।
আরও পড়ুন
চোটের কারণে সবশেষ আসিয়ান কাপের স্কোয়াডে না থাকা তপু ও বিশ্বনাথকে ফেরানোর পাশাপাশি ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমেরও প্রত্যাবর্তন হয়েছে দলে। জায়গা হারিয়েছেন শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান ও শাহরিয়ার ইমন। ২৮ সদস্যের স্কোয়াডের সঙ্গে দুই গোলকিপার মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে শুধু অনুশীলনের জন্য ডাকা হয়েছে।
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর মাঠে গড়াবে ৫ নভেম্বর। ওই দিন ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের অপর সঙ্গী শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া সদস্যরা রবিবার ক্যাম্পে যোগ দেবেন।
২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সামিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।
তোফায়েল/এএফ
