মহালয়ার অনুষ্ঠানে ঢাকের তালে ও ধুনুচি হাতে নাচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর নাচের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেই বিতর্কে যোগ দিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঋতুপর্ণার নাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঋতুপর্ণার নাচের ভিডিও শেয়ার করে শ্রীলেখা প্রশ্ন তোলেন, ‘ইহাকেই কি খেমটা নাচ বলা হয়? সরল প্রশ্ন, এফআইআর করবেন না প্লিজ।’ পাশাপাশি খেমটা যে একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, সে কথাও উল্লেখ করেন তিনি।
শুধু তা-ই নয়, ঋতুপর্ণার নাচ নিয়ে নিজের বিরক্তির কথাও প্রকাশ করেন শ্রীলেখা। তাঁর মন্তব্য, ‘কাল থেকে এই নৃত্য দেখতে দেখতে আমি বসে বসে হাঁপিয়ে গিয়েছি। পাগল হয়ে গিয়েছি।’
শ্রীলেখার এই পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ মন্তব্য করেছেন ব্যঙ্গাত্মক ভাষায়। এক নেটিজেন লিখেছেন, ‘আমি তো ভুঁড়ির নাচ দেখছি।’ আরেকজনের মন্তব্য, ‘সরকার যার যার, ঋতু সবার।’ ঋতুপর্ণার নাচ নিয়ে সমালোচনার পাশাপাশি তাঁর অভিনয় ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও নানা মন্তব্য করেছেন অনেকে।
এদিকে, চলতি বছরের মহালয়া উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। আতশবাজি, ড্রোন শো এবং টালিউডের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি ঘিরে তৈরি হয় ব্যাপক আগ্রহ। সেই আয়োজনেই প্রায় ১০ হাজার ঢাকির তালে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
তবে অনুষ্ঠানটির বিপুল ব্যয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে আয়োজনটির বাজেট প্রায় ১০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এর আগেও ঋতুপর্ণার পোশাক ও গানের গলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছিল। এবার মহালয়ার নাচ ঘিরে নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী।
