‘রডের বদলে বাঁশ’, নির্বাচনী এলাকার সমস্যা নিয়ে তাহেরীর প্রতিবাদ!
হবিগঞ্জ-৪ আসনের বিভিন্ন সড়কের বেহাল দশা, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন ইসলামী বক্তা পীর গিয়াস উদ্দিন তাহেরী। উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন তুলে ‘রডের বদলে বাঁশ’ দেওয়ার অভিযোগের বিষয়টিও সামনে এনেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে তাহেরী হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাধবপুর, ছাতিয়াইন ও গোপীনাথপুরের সড়কগুলোর বেহাল দশার কথা উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, রতনপুর থেকে ছাতিয়াইন সড়কের অবস্থা অত্যন্ত খারাপ।
স্ট্যাটাসে তাহেরী বলেন, মাধবপুর-চুনারুঘাটের অনেক আঞ্চলিক সড়ক অচল হয়ে থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও ইয়াবার বিস্তার রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং লোডশেডিং সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণ না করে তাদের বিলাসবহুল স্বপ্ন দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তাহেরী। উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন তুলে ‘রডের বদলে বাঁশ’ দেওয়ার অভিযোগের প্রসঙ্গ টানেন তিনি। স্ট্যাটাসের শেষে লেখেন, ‘মানুষগুলোই সমাজের ফুটফুটে...।’
তাহেরীর বক্তব্যের বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, গণতন্ত্রে সবার বাক্স্বাধীনতা রয়েছে। তবে তাঁর দাবি, হবিগঞ্জ-৪ আসনে মাদক, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণে রয়েছে এবং সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাস্তাঘাটের উন্নয়নেও গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান তিনি। তাঁর মতে, এসব সমস্যার অনেকগুলোই বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলার ফল।
অন্যদিকে, তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, মাদক, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। তাঁর ভাষায়, তাহেরী এসবের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে জাহেলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তাহেরী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামী চেতনা ও ওলি-আউলিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল।
