টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে অপসারণ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত হাসাইল ও কে-শিমুলিয়া ইউনিয়নের তিনটি স্থানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসাইল ইউনিয়নের হাসাইল ট্রলারঘাটের পূর্ব পাশে পদ্মা নদীর তীরে এবং হাসাইল-বানারী স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের খবর পেয়ে অভিযান চালানো হয়।
কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকায় কাজলরেখা নদীর তীরে এবং ধামারণ সেতুর পশ্চিম পাশে শিকারিবাড়ি-সংলগ্ন এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে ড্রেজার মেশিন ও পাইপ পাওয়া যায়। অবৈধভাবে পাইপ স্থাপন করে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট মফিজউদ্দিন ও সোহাগ আলীকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী অভিযান পরিচালনা করেন। টঙ্গিবাড়ী থানা-পুলিশ এ সময় সহযোগিতা করে।

রেজোয়ানা চৌধুরী বলেন, ‘অবৈধভাবে ড্রেজার স্থাপন করে বালু ভরাটের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

