শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে রংপুরের উদ্দেশে বাস যোগে যাওয়ার পথে সড়কে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেন এবং বিভিন্ন খেলা সামগ্রী উপহার দেন। এ সময়ে উচ্ছাছিস শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলা সামগ্রী উপহার দেন।
তিনি আরও বলেন, এ সময়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কলেজের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানাই। এখানে দুটি ছাত্রাবাস এবং একটি হল রুম চেয়েছি আমাদের চাওয়াগুলো লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন। পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।
