পুজোর আগে ঘরদোর সাফ করার ধুম পড়ে যায়। আলমারি, জানলা, মেঝে থেকে শুরু করে বাড়ির আনাচকানাচ— বাদ যায় না কিছুই। কিন্তু রান্নাঘরের দিকে নজর দিতে গিয়ে অনেকেই ভুলে যান চিমনির কথা।
অথচ রোজ রান্নার ধোঁয়া, তেল আর মশলার গন্ধ সামলাতে সামলাতে চিমনির গায়ে জমে যায় তেলচিটে ময়লা। কালচে হয়ে যায় বাইরের অংশ, নোংরা জমে ফিল্টারেও। তাই পুজোর আগে রান্নাঘর ঝকঝকে করতে চিমনি পরিষ্কার করাও জরুরি।
সাধারণত এই কাজের জন্য পেশাদার কর্মী ডেকে নেওয়া হয়। কিন্তু বাড়তি খরচ করতে না চাইলে ঘরোয়া কিছু কৌশলেই চিমনির বাইরের অংশ ও খোলা যায় এমন যন্ত্রাংশ পরিষ্কার করে নিতে পারেন।
প্রথমেই দেখে নিন আপনার চিমনিতে অটো ক্লিনিংয়ের সুবিধা রয়েছে কি না। আধুনিক অনেক চিমনিতেই এই ব্যবস্থা থাকে। প্রস্তুতকারকের নির্দেশিকা মেনে হাতে পরিষ্কার করার আগে অটো ক্লিনিং ফিচারটি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এই ব্যবস্থা থাকলেই চিমিনির সব অংশ পরিষ্কার হয়ে যায় না। ফিল্টার, তেলের ট্রে ও বাইরের অংশের যত্ন আলাদা করে নিতে হতে পারে।
এ বার শুরু হোক পরিষ্কারের কাজ।
প্রথমেই চিমনির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। পরিষ্কারের আগে যন্ত্রটি ঠান্ডা হয়েছে কি না, তা-ও দেখে নিন। এর পর চিমনির যে ট্রেতে তেল জমে, সেটি খুলে নিন। জমে থাকা তেল ফেলে দিয়ে ট্রেটি সাবান ও জল দিয়ে ভাল করে পরিষ্কার করুন। চিমনির বাইরের দিকে থাকা খোলা যায় এমন জালিও খুলে নিয়ে ব্রাশের সাহায্যে জমে থাকা ময়লা সরিয়ে নিন। তবে খুলতে বা পরিষ্কার করতে অসুবিধা হলে জোর করবেন না। চিমিনির নির্দেশিকা মেনে কাজ করাই ভাল।
চিমনির গায়ে জমে থাকা তেলচিটে ময়লা শুধু ভেজা কাপড় দিয়ে মুছলে অনেক সময় উঠতে চায় না। তাই প্রথমে শুকনো কাপড় দিয়ে বাইরের অংশের জমে থাকা ধুলো ও আলগা ময়লা মুছে নিন। এর পর অল্প গরম জলে সাবান মিশিয়ে একটি কাপড় ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। সেই কাপড় দিয়ে চিমনির বাইরের অংশ মুছুন। তেলচিটে দাগ তুলতে একটু সময় লাগতে পারে। ধৈর্য ধরে পরিষ্কার করলে বাইরের অংশ অনেকটাই ঝকঝকে হয়ে উঠবে।
পরিষ্কারের কাজ শেষ হলে ভেজা কাপড় দিয়ে মোছা অংশ শুকনো কাপড়ে ভাল করে মুছে নিন। কোনও অংশে জল জমে রয়েছে কি না, তা দেখে নেওয়াও জরুরি। ট্রে ও জালি সম্পূর্ণ শুকিয়ে গেলে সেগুলি যথাস্থানে লাগিয়ে দিন। সব কিছু ঠিক ভাবে বসেছে কি না, তা নিশ্চিত হওয়ার পরেই চিমনি ব্যবহার করুন।
তবে পরিষ্কার করতে গিয়ে একটি বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। চিমনির ভিতরের বৈদ্যুতিক যন্ত্রাংশে কখনও ভেজা কাপড় লাগাবেন না। এতে যন্ত্রের ক্ষতি হতে পারে। বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখুন এবং চিমিনির নির্দেশিকায় যে অংশগুলি নিজে পরিষ্কার করার অনুমতি রয়েছে, সেগুলিই পরিষ্কার করুন। ফিল্টার বা ভিতরের অংশে অতিরিক্ত তেল জমে থাকলে কিংবা যন্ত্রে কোনও সমস্যা দেখা দিলে পেশাদার কর্মীর সাহায্য নেওয়াই ভাল।
পুজোর আগে রান্নাঘর পরিষ্কার করার তালিকায় তাই চিমনির কথাও রাখুন। নিয়ম মেনে যত্ন নিলে বাড়তি খরচ ছাড়াই চিমনির বাইরের অংশ ও খোলা যায় এমন কিছু যন্ত্রাংশ পরিষ্কার রাখা সম্ভব। উৎসবের মরসুমে ঝকঝকে রান্নাঘরের জন্য এইটুকু প্রস্তুতি মন্দ নয়!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
