জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ কৃষকদলের নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) পুলিশ। সোমবার রাতে উপজেলা ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র এবং তিনি ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ-সভাপতি।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এক বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে এএসআই সোহরাব হোসেনসহ গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার ভবানীপুর তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ-সভাপতি রিপন মিয়াকে ইয়াবাসহ আটক করে।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালানোর চেষ্টা করেন। তাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরবর্তীকালে স্থানীয় ও পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
রাত ১০টায় পরিমাপ ও গণনা শেষে জব্দতালিকা প্রস্তুত করে আলামত ও আসামিকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় পালানোর চেষ্টাকালে পুলিশের সাথে হালকা দস্তাদস্তিতে রিপন মিয়ার ঠোঁটে সামান্য আঘাত লাগে। তাকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
