সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
গুলির হামলার পর টাইগার শ্রফের হাতে আঘাতের চিহ্ন, ভিডিও প্রকাশ্যে আনল অভিনেতার টিম
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার কয়েক দিন পর তাঁর আঘাতের চিহ্নের ভিডিও প্রকাশ্যে আনল অভিনেতার টিম। ভিডিওতে টাইগারের হাতে একাধিক লালচে-বেগুনি দাগ এবং কালশিটে স্পষ্ট দেখা গিয়েছে। ভিডিওটির সঙ্গে লেখা হয়েছে, ‘God is kind’। এর আগে অভিনেতাকে ব্যান্ডেজ ছাড়া দেখা যাওয়ায় সমাজমাধ্যমে তাঁর আঘাতের মাত্রা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার সময় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, হামলাকারীরা মোটরবাইকে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। অভিনেতা বড়সড় আঘাত এড়ালেও তাঁর গাড়ির চালক এবং আরও এক ব্যক্তি আহত হন। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও তদন্তসাপেক্ষ।
পরিণীতি চোপড়ার জন্মদিনে প্রিয়াঙ্কার আবেগঘন শুভেচ্ছা
জন্মদিনে পরিণীতি চোপড়াকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁর দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বৃহস্পতিবার, ২২ অক্টোবর পরিণীতির ৩৮তম জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা। বার্তায় পরিণীতির আগামী বছরটি ভালবাসা, হাসি এবং মনের সব ইচ্ছাপূরণে ভরে উঠুক, সেই কামনাই করেছেন তিনি। পরিণীতিকে আদর করে ‘টিশা’ বলেও সম্বোধন করেন অভিনেত্রী।
দুই বোনের সম্পর্কের নানা মুহূর্ত আগেও অনুরাগীদের নজর কেড়েছে। বিশেষ করে পরিণীতির মাতৃত্বের পর পরিবারের নতুন সদস্যকে ঘিরে তাঁদের আন্তরিকতা আলোচনায় এসেছে। ২০২৫ সালের অক্টোবরে পরিণীতি ও তাঁর স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডার পরিবারে আসে পুত্রসন্তান নীর। ভাগ্নেকে নিয়ে প্রিয়াঙ্কার উচ্ছ্বাসও একাধিকবার প্রকাশ্যে এসেছে।
২০১৪ সালেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এক ব্যক্তি! ‘রামায়ণ’-এর সঙ্গে যোগ নিয়ে কী জানালেন এ আর রহমান?
‘রামায়ণ’-এর সঙ্গে এ আর রহমানের সংগীতযাত্রার নেপথ্যে রয়েছে এক অদ্ভুত ঘটনা। সম্প্রতি চেন্নাইয়ে ছবির সংগীত-সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রহমান জানান, ২০১৪ সালে সতীশ নামে এক ব্যক্তি তাঁকে ইমেল করে জানিয়েছিলেন, স্বপ্নে তিনি দেখেছেন রহমান ‘রামায়ণ’-এর সংগীত তৈরি করছেন এবং ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গায় এই মহাকাব্যকে ঘিরে সংগীতানুষ্ঠান করছেন। রহমানের কথায়, সেই ব্যক্তি যেন আগেই তাঁর ভবিষ্যৎ কাজের ছবি কল্পনা করেছিলেন। ঘটনাটিকে স্মরণ করে সুরকার বলেন, “He manifested this”।
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে হলিউডের অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করছেন রহমান। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশকে দেখা যাবে। হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল।
