Published on
:
1 min read
এই সময়, পুরুলিয়া: অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে আগেই অভিযান শুরু করেছিল পুরুলিয়া জেলা পুলিশ। এ বার ওই চাষে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হলো। বৃহস্পতিবার পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার বুড়দায় কুঁচি সারজুমহাতু গ্রামে আট ডেসিমেল জমি এবং এই জমির উপরে থাকা বাড়ি–সমেত যাবতীয় সম্পত্তি সিল করে দেয় পুলিশ। নেতৃত্বে ছিলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। নারকোটিকসের মামলায় এই প্রথম পুরুলিয়া জেলায় বাজেয়াপ্ত করা হলো সম্পত্তি।
পুলিশ সুপার এ দিন জানান, বাঘমুন্ডি থানায় নথিভুক্ত ৬১/২৬ নম্বর মামলার ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। ওই সম্পত্তির মালিক রাজেশ সাউয়ের বিরুদ্ধে অবৈধ ভাবে পোস্ত চাষ করার অভিযোগ রয়েছে। সেই মতো চলতি বছরের ৮ জুন এনডিপিএস আইন, ১৯৮৫-র ১৫ (সি) ধারায় মামলা রুজু হয়। রাজেশকে গ্রেপ্তারও করা হয়। তাঁর কাছ থেকে ২৬০ কিলোগ্রাম অবৈধ পোস্ত উদ্ধার হয়। তিনি আরও জানান, রাজ্যের নতুন সরকারের নীতি অনুযায়ী, অবৈধ পোস্ত চাষের মাধ্যমে তৈরি সম্পত্তি নিলাম করতে হবে। এ দিন অভিযুক্ত ওই ব্যক্তির জমি ছাড়াও মোটরবাইক, গাড়ি এবং ব্যাঙ্কের আমানত সমেত প্রায় ৪০ লক্ষ টাকার সম্পত্তি সিল করা হয়েছে। পুরুলিয়া জেলায় কোনও ভাবেই অবৈধ পোস্ত চাষ বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।
