স্পোর্টস ডেস্ক
পেশাদার ফুটবল থেকে অবসরের এক দশকেরও বেশি সময় পর আবারও মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। আগামী মাসে ইতালির তৃতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় রাভেন্নার হয়ে অভিষেক হতে যাচ্ছে ৪৬ বছর বয়সী এই সাবেক তারকার।
গত জুনে চমকপ্রদভাবে ইতালির ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তিবদ্ধ হন রোনালদিনহো। তবে এখনো দলটির হয়ে মাঠে নামা হয়নি তার। শুক্রবার ক্লাবটি জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে স্থানীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন ব্রাজিলের সাবেক এই তারকা। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন তিনি।
এক বিবৃতিতে রাভেন্না জানিয়েছে, ‘এটি এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বের দৃষ্টি ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামের দিকে ঘুরিয়ে দেবে।’
ক্লাবটি আরও বলেছে, ‘ফুটবলবিশ্বের সবাই ভেবেছিল, এমন কিছু সত্যি হওয়ার নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারছি এক মহাপ্রত্যাবর্তনের খবর। ফিরে আসছে সেই জাদু, সেই হাসি আর এমন এক প্রতিভা, যিনি দলীয় সমর্থনের ঊর্ধ্বে উঠে প্রজন্মের পর প্রজন্মের ভক্তদের মুগ্ধ করেছেন।’
রাভেন্না পরিচালনা করছেন বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী প্রতিষ্ঠান চিপ্রিয়ানির সঙ্গে যুক্ত ইগ্নাজিও চিপ্রিয়ানি। ব্রাজিলের এই কিংবদন্তি যেন নিজের ক্যারিয়ারের শেষ গোলটি রাভেন্নার হয়ে করেন, সেটিই তার স্বপ্ন বলে জানিয়েছেন তিনি।
মৌসুম শুরুর আগে গত আগস্টে সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেয় রাভেন্না। এরপর থেকেই তাকে মাঠে দেখার অপেক্ষা বাড়তে থাকে সমর্থকদের।
ক্লাবটির ভাষায়, ‘মায়ামিতে ঘোষণার পর থেকে মারিনা দি রাভেন্নার সমুদ্রসৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা—সবকিছু মিলিয়ে তাকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। উত্তেজনা, কৌতূহল আর অবিশ্বাসের মিশেলে তৈরি হয়েছে এক অন্য রকম পরিবেশ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সভাপতি চিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনাকে উসকে দিয়েছিল এবং ইতালির সীমানা ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল, এবার তার বাস্তব রূপ পেতে যাচ্ছে। রোনালদিনহো বেনেল্লি স্টেডিয়ামে খেলবেন। এমন এক গল্পে যুক্ত হবে নতুন অধ্যায়, যা প্রতিনিয়ত সবাইকে বিস্মিত করে।’
ইতালিতে এটি রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছিলেন তিনি। এ ছাড়া প্যারিস সাঁ-জার্মেই ও বার্সেলোনার জার্সিতেও দারুণ সাফল্য পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন রোনালদিনহো। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অরও। অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা আর মুখভরা হাসির জন্য ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি।
রোনালদিনহোকে নিয়ে রাভেন্নার বক্তব্য, ‘কিছু ফুটবলার তাদের অর্জনের জন্য স্মরণীয় হয়ে থাকেন। আবার কেউ কেউ মানুষের মনে আনন্দ জাগানোর জন্যও চিরস্মরণীয় হন। রোনালদিনহো সেই বিরল শ্রেণির একজন, যিনি অপ্রত্যাশিত কৌশল, অসাধারণ সৃজনশীলতা আর এক চিলতে হাসি দিয়ে ফুটবলকে নির্মল আনন্দে পরিণত করতে পারেন।’
ইতালির তৃতীয় স্তরের প্রতিযোগিতার নিজেদের গ্রুপে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এই প্রতিযোগিতার দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
দীর্ঘ বিবৃতির শেষেও রোনালদিনহোর প্রত্যাবর্তন নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্লাবটি। তাদের শেষ কথা, ‘অপেক্ষার অবসান হতে আর বেশি দেরি নেই। আবারও মাঠে ফিরছে জাদু।’
