ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিতব্য হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান অংশগ্রহণ না করায় সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই প্রতিযোগিতার জন্য জার্মান কোচ গেরহার্ড পিটারকে আবারও আনছে হকি ফেডারেশন।
চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েও চিন্তিত হকি ফেডারেশন। যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘নারী ও পুরুষ সিনিয়র ও জুনিয়র দল একই সময়ে একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এতে অনেক ব্যয় হয়েছে। আমাদের ফেডারেশনের ফান্ডে তেমন অর্থ নেই। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে সাহায্য চাইব।’
বাংলাদেশ পুরুষ হকি দল এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার লক্ষ্যে গিয়েছিল। সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে সপ্তম হয়ে দেশে ফিরেছে। এশিয়ান গেমসের ১৮ জনের স্কোয়াড থেকে শুধুমাত্র কৌশিককে বাদ দিয়েছে ফেডারেশনের। যুগ্ম সম্পাদকের তথ্য মতে, হকি থেকে অবসর নিয়েছেন কৌশিক। যদিও কোচ পিটার ও দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে মনোমালিন্য ছিল তার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যানেজার পদেও এসেছে পরিবর্তন। সাবেক জাতীয় খেলোয়াড় ও সাংবাদিক রাহুল কান্তি রায়কে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমান অ্যাডহক কমিটিরও সদস্য। কোচিং স্টাফে রয়েছেন ইমরান হাসান পিন্টু ও শহিদুল্লাহ টিটু। আগামী পরশু দিন খেলোয়াড়দের ম্যানেজারের কাছে রিপোর্ট করতে হবে। আর্থিক সংকট থাকায় হেড কোচ আসার অল্প কিছু দিনের মধ্যেই চূড়ান্ত দল হয়ে যেতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও মালয়েশিয়া রয়েছে। বাংলাদেশ পাচ ম্যাচ খেলার সুযোগ পাবে। পাচ ম্যাচ শেষে শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ এর আগে ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল। সেটা অবশ্য স্বাগতিক হওয়ার সুবাদে।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ২৬ জনের প্রাথমিক স্কোয়াড:
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তানভীর রহমান সিয়াম, আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।
এজেড/এমএমএম
