প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (২১ অক্টোবর) রাতে রাজশাহীর পবা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযুক্ত যুবকের পরিচয় ও এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় তাকে বহনকারী বাসের একটি ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই ছবির নিচে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইশ! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এমন মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মন্তব্যটির মাধ্যমে তার প্রতি কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে কি না, তা যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে দেওয়া মন্তব্যটি উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে বিশেষ বিমানে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রুয়েটের একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিপুলসংখ্যক মানুষ তাকে শুভেচ্ছা জানান।
