দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও উপবিধি অনুযায়ী অন্যান্য সভায় অংশগ্রহণ এবং কার্যালয়ে প্রবেশে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা মামলার শুনানি শেষে পঞ্চম সিনিয়র সিভিল জজ আবুল হায়াত মুহাম্মদ তারেক আজমের আদালত এ আদেশ দেন। আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে এস এম জমির উদ্দিনের পরিবর্তে অন্য কাউকে দিয়ে সংশ্লিষ্ট সভা ও কার্যক্রম পরিচালনা না করার নির্দেশও দিয়েছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, সোসাইটির সভাপতি, ব্যবস্থাপক ও তাঁদের কয়েকজন অনুসারীর বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় এস এম জমির উদ্দিনকে কার্যনির্বাহী পরিষদ থেকে অপসারণের চেষ্টা করা হয়। এর অংশ হিসেবে ব্যাংকঋণসংক্রান্ত তথ্য চেয়ে তাঁকে নোটিশ দেওয়া হয়। আরজিতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের ব্যক্তিগত ও হিসাবসংক্রান্ত তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।
আরজিতে বলা হয়, কয়েকটি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ তুলে এবং একটি সভার ছবি উপস্থাপন করে জমির উদ্দিনকে তাঁর সদস্যপদ বাতিলের কথা জানানো হয়। তাঁকে কার্যালয় ছেড়ে যেতে বলা এবং হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় তিনি গত ৪ অক্টোবর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোসাইটির উপবিধি লঙ্ঘন করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সদস্যপদ বাতিল করা হয়েছে—এমন অভিযোগে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন এস এম জমির উদ্দিন। শুনানি শেষে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর সদস্যপদ বহাল রাখার আদেশ দেন।
