২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ অর্থবছরে এর চেয়ে বেশি ঘাটতি দেখা গিয়েছিল। এর মধ্য দিয়ে টানা ২৫ বছর বার্ষিক বাজেট ঘাটতিতে থাকল দেশটি।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরের তুলনায় এবার ঘাটতি বেড়েছে প্রায় ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় অক্টোবর মাসে এবং শেষ হয় পরের বছরের সেপ্টেম্বরে। সে হিসাবে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ অর্থবছর শেষ হয়েছে।
এ সময়ে সরকারের মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ৩ শতাংশ বেশি। এর মধ্যে ব্যক্তিগত আয়কর থেকে এসেছে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার এবং বেতনভিত্তিক কর থেকে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে সরকারি ব্যয় ৬ শতাংশ বেড়ে প্রায় ৭ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
ব্যয়ের বড় খাতগুলোর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, মেডিকেয়ারে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার, ঋণের নিট সুদ পরিশোধে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার, স্বাস্থ্য খাতে ১ ট্রিলিয়ন ডলার এবং প্রতিরক্ষায় ৯৬৫ বিলিয়ন ডলার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই বাজেট ঘাটতির এ চিত্র সামনে এসেছে। উচ্চ সুদহার ও বিপুল ঋণের কারণে সরকারের সুদ পরিশোধের ব্যয় বেড়েছে। বর্তমানে এটি কেন্দ্রীয় বাজেটের তৃতীয় বৃহত্তম ব্যয়ের খাত। অর্থনীতি ভালো গতিতে চললেও মহামারি বা বড় ধরনের মন্দা ছাড়াই ঘাটতি ও ঋণ বেড়ে যাওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বাজেট পর্যবেক্ষকেরা বলছেন, আর্থিক নীতিতে পরিবর্তন আনা জরুরি। ‘কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট’-এর মায়া ম্যাকগিনাস বলেন, ‘আমেরিকার আর্থিক স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং এটি সামলাতে আমাদের এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, একবারে বাজেট উদ্বৃত্ত করা বা রাতারাতি সব ঋণ পরিশোধের অবাস্তব লক্ষ্য না নিয়ে আইনপ্রণেতাদের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা উচিত। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আর্থিক শৃঙ্খলা ফেরাতে হলে আমাদের এমন কিছু বেছে নিতে হবে যা একই সাথে কঠোর কিন্তু বাস্তবায়নযোগ্য। বাজেট ঘাটতিকে জিডিপির ৩ শতাংশে নামিয়ে আনা (যা বর্তমান পরিমাণের অর্ধেক) সেরকমই একটি উপযুক্ত লক্ষ্য হতে পারে। এটি জিডিপির তুলনায় ঋণের অনুপাতকে স্থিতিশীল রাখবে। তবে এই লক্ষ্যে পৌঁছাতে হলে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে, আর আমাদের হাতে সময়ও খুব বেশি নেই।’
