সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আব্দুল মান্নানের পক্ষে তার আইনজীবী আল ইমরান মুকুল জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় আব্দুল মান্নানকে এজলাসে হাজির করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়, গত ১৮ই জুন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
